আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে আরও জনবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবমুখী করার লক্ষ্যে ২০ মে, ২০২৬ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘সেন্টার ফর ইনক্লুসিভ পলিসি অ্যান্ড গভের্নেস (সিআইপিজি)’ এক প্রাক-বাজেট আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম চৌধুরী দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সাধারণ মানুষের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের আহ্বান জানান। তিনি বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর ড. মাহবুব উল্লাহ বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে সরকারি বরাদ্দ বাড়ানো জরুরি। একই সঙ্গে টেকসই ও উৎপাদনমুখী অর্থনীতি বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি।

কৃষি খাতের উন্নয়নে কৃষিবিদ শামীমুর রহমান ভর্তুকি বৃদ্ধি, কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেন। নূরুন্নিসা সিদ্দিকা নারী উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান।

তরুণ প্রজন্মের সম্ভাবনার কথা তুলে ধরে ড. আতিক মুজাহিদ কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি খাতের আধুনিকায়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, মোহাম্মদ ফখরুল ইসলাম দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে সরকারের প্রতি কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে একটি জনকল্যাণমুখী ও টেকসই বাজেট প্রণয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার দাবি জানানো হয়।